দখিনের সময় ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম বক্তব্য। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি এই বৈশ্বিক মঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন।
ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার মতো বিষয় গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে। সফরের শুরু থেকেই অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন নেতার সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে।
সফরে রোহিঙ্গা সংকটও বিশেষ গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং মিয়ানমারের ওপর কার্যকর চাপ তৈরির বিষয়টি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, জলবায়ু অর্থায়ন ও টেকসই উন্নয়ন নিয়েও বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরছেন প্রধানমন্ত্রী।