দখিনের সময় ডেস্ক
আটকের তিন ঘণ্টা পর মুক্তি পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ দলটির ছয় নেতাকর্মী। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন দলটির নেতাকর্মীরা। এ সময় হাবুলসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল ৩টার দিকে নগরীর জেলা পরিষদ চত্বরে জড়ো হন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে নগরীর লঞ্চঘাট এলাকার একটি রেস্তোরাঁয় পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করলে সেখান থেকে হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনার পর হাবুলের সঙ্গে দেখা করতে থানায় গেলে জাতীয় পার্টির আরও কয়েকজন নেতাকর্মীকে হেফাজতে নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
আটকের সময় হাবুল অভিযোগ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের বিক্ষোভ মিছিল করতে দেওয়া হয়নি। বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ছয় নেতাকর্মীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পুলিশ জানিয়েছিল, হাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে কোনো মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।