1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

আমরা পুলক চ্যাটার্জির মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

dokhinersomoy
September 20, 2026 12:30 am
Link Copied!

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে শ্বেতপত্র প্রকাশ করা প্রয়োজন।

তিনি বলেন, ‘একসময় গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকরা রাজনৈতিক নেতাদেরও নির্দেশনা দিতেন। কিন্তু সেই গণমাধ্যমগুলোতেও অনেক ত্রুটি লক্ষ্য করা গেছে। এসব ত্রুটি দূর করা প্রয়োজন। পুলক চ্যাটার্জি কেন আত্মহত্যা করলো, তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা শ্বেতপত্র চাই।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ছিলেন।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বক্তব্যে অনেকেই বলেছেন, পুলক হতাশ ছিলেন, এ কারণে আত্মহত্যা করেছেন। কিন্তু আপনারা কেন সমকালের বিরুদ্ধে অবস্থান নিলেন না, কোনো প্রতিবাদ করলেন না? সমকালের কাছে জানতে চাননি কেন পুলক আত্মহত্যা করলেন। ঢাকায় মানববন্ধন করে প্রতিবাদ জানাতেন, আমরাও আপনাদের সঙ্গে আছি।’

তিনি আরও বলেন, পুলকের মৃত্যুর কারণ নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, সেগুলোর সুষ্ঠু অনুসন্ধান প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা একটি প্রতিবাদ। পুলক নিজেকে শেষ করার আগে পাঁচটি চিঠি লিখেছেন। তাঁর মৃত্যুর পর বরিশাল থেকে সাংবাদিকদের একটি বড় ধাক্কা দেওয়া দরকার ছিল।’

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘কেন তাকে সমকাল থেকে সরিয়ে দেওয়া হলো, কেন পুলক নিজেকে শেষ করলেন—এসব প্রশ্নের উত্তর প্রয়োজন।’

বিলকিস আক্তার জাহান শিরীন আরও বলেন, পুলকের মৃত্যুর পর বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। ঢাকা থেকে কোনো পত্রিকা কর্তৃপক্ষ অন্যায়ভাবে কোনো সিদ্ধান্ত নিলে বরিশাল প্রেসক্লাব কার্যকর পদক্ষেপ নিলে ভবিষ্যতে কোনো পত্রিকা কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবে না।

স্মরণসভায় আরও বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, কাজী মেহেরুন্নেছা বেগম, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নাসিমুল আলম, আকতার ফারুক শাহীন, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন ও হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, শাহীনা আজমিন, কাজী আল মামুন, কাজী মিরাজ মাহমুদ, গিয়াস উদ্দিন সুমন, কাজী মকবুল হোসেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কমল সেনগুপ্ত, সুমন চৌধুরী, এম জহির, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনসহ অনেকে।

এ সময় পুলক চ্যাটার্জির ভাই দীপক চ্যাটার্জি, সহধর্মিণী প্রিয়াঙ্কা চ্যাটার্জিসহ বরিশাল প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত পুলক চ্যাটার্জির পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বিলকিস আক্তার জাহান শিরীনসহ প্রেসক্লাবের কার্যকরী সংসদের নেতৃবৃন্দ।