দখিনের সময় ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় জিএম কাদের বাসায় ছিলেন, তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছেন চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য।
শৌর্য দীপ্ত সূর্য বলেন, সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতিকারী বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসেছেন। এ বিষয়ে জাতীয় পার্টির পরবর্তী করণীয় জানিয়ে দেওয়া হবে। উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বলেন, আমরা খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে জাতীয় পার্টির সূত্র জানায়, ঘটনার আগে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’-এর ব্যানারে জি এম কাদেরের বাসভবনের সামনে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে বাসভবন লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়।