বরিশাল প্রতিনিধি
পথশিশুরা অভ্যন্তরীণ পাচার ও যৌন নির্যাতনের মতো ভয়াবহ অপরাধের শিকার হচ্ছে। প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ এসব শিশুকে একটি নিরাপদ জীবন ফিরিয়ে দিতে এবং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগ জরুরি। তবেই এই শিশুরা একটি নিরাপদ ও সুন্দর জীবন লাভ করতে পারবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। উন্নয়ন সংগঠন ‘রূপান্তর’-এর উদ্যোগে এবং ‘ম্যাপ’-এর সহযোগিতায় অভ্যন্তরীণ পাচার ও শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের সেবা সংযোগ সৃষ্টির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
উন্নয়ন সংগঠন ম্যাপ-এর নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় যৌন নির্যাতনের সর্বাধিক ঝুঁকিতে থাকা পথশিশুদের চিহ্নিত করে সেবা ব্যবস্থাপনায় বিভিন্ন সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। ঝুঁকিপূর্ণ এসব শিশুর জন্য নিরাপদ সেবা নিশ্চিত করতে বক্তারা অবিলম্বে একটি ‘শিশু-বান্ধব নগরী’ গড়ে তোলার প্রতি জোরালো গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, শিশু-বান্ধব পরিবেশ বাস্তবায়নে একটি শক্তিশালী শিশু সুরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের শিশু অধিকার বিষয়ক কর্মকর্তা জনাব মিরাজুল ইসলাম এবং কাউনিয়া মডেল থানার সহকারী সাব-ইন্সপেক্টর রুমা পারভিন প্রমুখ।