দখিনের সময় ডেস্ক:
পাসপোর্ট প্রথমবার হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফির বাইরে কোনো অতিরিক্ত দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে। এ বিষয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন পরিপত্র জারি করেছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার বিষয়টি জানতে পারার পর দ্রুত বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট বা অনলাইন ব্যবস্থায় জানাতে হবে। একই সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার কথা জানিয়ে পুনঃইস্যুর আবেদন করছেন। পাসপোর্ট গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহার থেকে মানবপাচার, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। এ বিষয়গুলো বিবেচনায় নিয়েই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পরে পাওয়া গেলেও সেটি পুনরায় সক্রিয় বা বিদেশ ভ্রমণে ব্যবহার করা যাবে না। পাওয়া গেলে দ্রুত থানায় ও নির্ধারিত অনলাইন ব্যবস্থায় বিষয়টি জানাতে হবে।
নতুন পরিপত্রে আগের বিভিন্ন নির্দেশনা সমন্বয় ও সংশোধন করে হারানো, চুরি বা বিনষ্ট পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে করণীয় নির্ধারণ করা হয়েছে। বিদেশে অবস্থানরত কেউ পাসপোর্টটি ফিরে পেলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনকেও জানাতে হবে। প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষ ডাটাবেজ ও ইমিগ্রেশন অ্যালার্ট হালনাগাদ করবে।