1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বারবিকিউ নিয়ে ভাড়াটিয়াকে হেনস্থা, কানাডায় ভারতীয় বংশোদ্ভূত নারী গ্রেফতার

dokhinersomoy
September 14, 2026 1:40 am
Link Copied!

দখিনের সময় ডেস্ক।। 

কানাডার একটি ভাড়া বাড়িতে বারবিকিউ করা নিয়ে ভাড়াটিয়ার সঙ্গে বিরোধের জেরে তাকে হয়রানি ও হেনস্থার অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত এক নারীর বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ওই নারীকে ভাড়াটিয়ার সঙ্গে তর্ক করতে, অনুমতি ছাড়াই তার বাসায় প্রবেশ করতে এবং একপর্যায়ে পাথর ছুড়তে দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ ওই নারীকে গ্রেফতার করে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার একটি ভাড়া বাড়িতে বারবিকিউ করা নিয়েই প্রথমে বাড়িওয়ালি ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধের সূত্রপাত।

পরে গ্রিল থেকে খাবার ফেলে দেওয়া, ভাড়াটিয়ার বাসায় অনুমতি ছাড়া প্রবেশ, তালা পরিবর্তন এবং দরজা খুলে ফেলার মতো অভিযোগও সামনে আসে। শেষ পর্যন্ত পুলিশ বাড়িওয়ালিকে গ্রেপ্তার করে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে ওই নারীর নাম রাজ তিওয়ানা বলে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে পুলিশের হাতে তাকে হাতকড়া পরা অবস্থায় দেখা গেছে। ভাড়াটিয়ার সঙ্গে তার বিরোধের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।

‘তিওয়ানা ফার্ম সারভাইভার’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনাটির বেশ কিছু ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলোতে মূলত ভাড়াটিয়ার বক্তব্য এবং তার বর্ণনায় ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভাড়াটিয়া অভিযোগ করেছেন যে তিনি বাড়িতে না থাকার সময় তিওয়ানা তার বাসায় প্রবেশ করে তালা পরিবর্তন করেন। একপর্যায়ে ভাড়া বাসার প্রবেশের দরজাটিও পুরোপুরি খুলে ফেলা হয়েছিল বলে দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনা ছড়িয়ে পড়ার আগেও বাড়িওয়ালি ও ভাড়াটিয়ার বিরোধের কারণে কয়েকবার পুলিশকে ওই বাড়িতে যেতে হয়েছিল।

সারেতে পুলিশ সার্ভিস বুমকে জানিয়েছে, চলমান বাড়িওয়ালি-ভাড়াটিয়া বিরোধের কারণে ওই বাড়িতে পুলিশকে বেশ কয়েকবার যেতে হয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, বিভিন্ন সময়ে বাড়িওয়ালি ও ভাড়াটিয়া—দুই পক্ষই সহায়তার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। অর্থাৎ অভিযোগ শুধু এক পক্ষের কাছ থেকেই আসেনি।

পুলিশ আরও জানায়, গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছিল কিংবা এর পেছনে কোনো ধর্মীয় বা আদর্শিক কারণ ছিল এমন কোন বিষয়ের সত্যতা পাওয়া যায়নি। ঐ  নারীকে গ্রেফতারের সঙ্গে গরুর মাংস, অন্য কোনো ধরনের মাংস, ধর্ম কিংবা কোনো আদর্শিক বিষয় জড়িত নয়।

গ্রেফতার হওয়া নারীর পরিচয়ও পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তদন্ত এখনো চলছে বলে জানিয়েছে তারা। পুলিশ আরও জানায়, ভাড়াটিয়ারা ওই বাড়িতে এখন আর থাকেন না এবং দুই পক্ষের বিরোধ নিয়ে বর্তমানে পুলিশের কাছে আর কোনো ফোনও আসছে না।