1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

‘শিক্ষার বাইরে কোনো শিশু থাকবে না’

dokhinersomoy
September 24, 2026 12:05 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
বিশেষ চাহিদাসম্পন্ন হোক কিংবা স্বাভাবিক—কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে, যেখানে নবজাতক থেকে শুরু করে সমাজের প্রবীণতম নাগরিক পর্যন্ত সবাইকে একই ছাতার নিচে আনার লক্ষ্য রয়েছে। শিশুদের মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করার ওপর গুরুত্ব দেন তিনি। পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে বিভিন্ন ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনার কথাও জানান জাহিদ হোসেন। এসব প্রতিষ্ঠানে শিশুদের আশ্রয় ও শিক্ষার পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগে পৃষ্ঠপোষকতা করা সরকারের দায়িত্ব এবং বিদ্যমান সামর্থ্য ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সবাইকে দেশসেবায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের মুক্ত প্রশ্নোত্তর পর্বে সুবিধাবঞ্চিত ও অভিভাবকহীন শিশুরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মন্ত্রীর কাছে তুলে ধরে। বিশেষ করে জন্মনিবন্ধন সনদ ও নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা নিরসনের দাবি জানানো হলে বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন শিশু অধিকার ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিল।