দখিনের সময় ডেস্ক:
দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, হাট-বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত চার থেকে পাঁচতলা ভবনের ছাদ বিবেচনায় নিয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট হাট-বাজারের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। এরপর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী, গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। পাশাপাশি ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাকআপ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী, হাট-বাজারের ইজারার আয়ের ১০ শতাংশ সংশ্লিষ্ট বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে এবং আরও ১০ শতাংশ উপজেলার অন্তর্গত হাট-বাজারের উন্নয়নে ব্যয় করার বিধান রয়েছে। এই অর্থ ব্যবহার করেই সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও এর বাণিজ্যিক সম্প্রসারণের উদ্যোগ নিতে বলা হয়েছে।r### সরকারের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
এ ছাড়া সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।