দখিনের সময় ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে তিনি তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার ধারাবাহিকতায় যুক্ত হলেন।
এর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর ১৯৯৩ সালের ১ অক্টোবর সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে প্রথমবার ভাষণ দেন তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে খালেদা জিয়া সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে মোট পাঁচবার ভাষণ দেন। জিয়াউর রহমান তাঁর ভাষণে দারিদ্র্য, ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বিশ্বশান্তির বিষয় তুলে ধরেছিলেন। আর খালেদা জিয়ার প্রথম ভাষণে গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার, ছোট রাষ্ট্রগুলোর অধিকার, পরিবেশ ও আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পেয়েছিল।
নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দেওয়া নিজের প্রথম জাতিসংঘ ভাষণে তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ও আন্তর্জাতিক ইস্যু তুলে ধরেন। তাঁর বক্তব্যে গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় উঠে আসে। বাংলায় দেওয়া এই ভাষণের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর পরিবারের চার দশকেরও বেশি সময়ের সম্পৃক্ততায় নতুন একটি অধ্যায় যুক্ত হলো।