দখিনের সময় ডেস্ক:
আইনজীবী এবং কাজী অফিস সংশ্লিষ্টরা বলছেন, ইসলাম ধর্ম অনুযায়ী, দুইজন সাক্ষীর উপস্থিতিতে মসজিদে গিয়ে বর-কনে কবুল বলে বিয়ে করলে সেটি রেজিস্ট্রি না করলেও শরীয়তসম্মত। কিন্তু আইনের দৃষ্টিতে এমন বিয়ে বৈধ নয়। বাংলাদেশে সব ধর্মের বিয়েই রেজিস্ট্রি করা বাধ্যতামূলক।
আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, “বাংলাদেশের আইনানুযায়ী, বিয়ে এবং তালাক বৈধ হতে হলে অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। এটা একমাত্র কাজীর দ্বারা করা যায়। রেজিস্ট্রি করা না হলে কোন বিয়েই রাষ্ট্রীয় আইনে বৈধ নয়।” বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন অনেকেই আছেন যাদের বিয়ে আদৌ রেজিস্ট্রি হয়েছে কিনা- সেটি তারা জানেন না। কিন্তু বিয়ে রেজিস্ট্রি করা না হলে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে স্বামীর মৃত্যু হলে স্ত্রী তার সম্পত্তির ভাগ যেমন পায় না তেমনি লাশও বুঝে পায় না। কারণ তার তো কাবিননামা নাই, স্বীকৃতিই নাই। জানান, আইনানুযায়ী, বিয়ে হওয়ার এক মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হয়। এর দায়িত্ব স্বামীর। যদি তিনি বিয়ে রেজিস্ট্রি না করেন তাহলে শাস্তিমূলক ব্যবস্থা যেমন রয়েছে, তেমনি নানা আইনি জটিলতায়ও পড়তে হয়।
বিয়ে রেজিস্ট্রি করার পরই কাবিননামা দিয়ে দেন কাজী। এই কাবিননামাকেই বাংলাদেশের আইনানুযায়ী বিয়ের প্রমাণপত্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বিয়ে রেজিস্ট্রি না করলে অনেক সময় নারী নির্যাতন, ধর্ষণ বা যৌতুকের মামলায় ফেঁসে যাওয়ার উদাহরণও রয়েছে বলে জানান আইনজীবীরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের এক সহায়িকায় বলা হয়েছে, বয়সের শর্ত ছাড়া বিয়ের ক্ষেত্রে আইনানুযায়ীছেলে ও মেয়ে উভয়ের সম্মতি থাকতে হবে। এই সম্মতি জোরপূর্বক নয় স্বেচ্ছায় দিতে হবে। ইসলাম ধর্ম অনুযায়ী, শুধুমাত্র দুইজন সাক্ষীর উপস্থিতিতে বর-কনে উভয়ের সম্মতিতে দেনমোহর নির্ধারণ করে কবুল বললেই বিয়ে হয়ে যায়।