1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

নির্বাসিত নেতাদের ঘিরে যতো নাটকীয়ত, ইদি আমিন-নওয়াজ শরীফ থেকে ফার্দিনান্দ মার্কোস

dokhinersomoy
November 11, 2026 1:42 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। বিভিন্ন দেশের শাসকদের ক্ষমতাচ্যূতি, নির্বাসন ও নির্বাসন ভেঙে দেশে ফেরা নিয়ে নানা নাটকীয় ঘটনার উদাহরণ রয়েছে। প্রায় চার হাজার বছর আগের ব্যবিলনিয়ান রাজতন্ত্র থেকে শুরু করে গ্রেকো-রোমান সাম্রাজ্যবাদ বা আধুনিক রাষ্ট্রপদ্ধতি প্রতিষ্ঠা হওয়ার পর পর্যন্ত ক্ষমতার উত্থান-পতনের সাথে এরকম বহু ঘটনা জড়িয়ে রয়েছে।
এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েকটি দেশের নেতাদের নির্বাসনে যাওয়া এবং নির্বাসন পরবর্তী দেশে ফেরা নিয়ে ঘটেছে নাটকীয় ঘটনা। যার কয়েকটি তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
ইস্কান্দর মির্জা
পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ইস্কান্দর আলি মির্জা নির্বাচিত হন ১৯৫৬ সালে, যে বছর পাকিস্তানের প্রথম সংবিধান জারি করা হয়। এর আগে ১৯৪৭ সালে তৎকালীন ব্রিটিশ ভারত ভাগ হলেও পাকিস্তানের নিজস্ব সংবিধান ছিল না এবং পাকিস্তান শাসিত হতো ব্রিটিশ সংবিধানের অধীনে গঠিত অস্থায়ী সাংবিধানিক কাঠামোতে। ইস্কান্দর মির্জা ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানের অধীনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুই বছরের কিছু বেশি সময় ঐ পদ ধরে রাখতে পেরেছিলেন। ঐ দুই বছরের মধ্যে তার বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম সংঘটন ও অসাংবিধানিক কার্যক্রমের অভিযোগ ওঠে।
১৯৫৮ সালের অক্টোবরে তৎকালীন সেনা কর্মকর্তা জেনারেল আইয়ুব খানের মাধ্যমে দেশে মার্শাল ল বা সেনাশাসন জারি করেন ইস্কান্দর মির্জা। সেই আইয়ুব খানের নেতৃত্বেই তিন সপ্তাহের মধ্যে ইস্কান্দর মির্জা ক্ষমতাচ্যুত হন এবং যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। নির্বাসনে থাকাকালীন ইস্কান্দর মির্জার বিভিন্ন লেখা ও চিঠির সংকলন ‘অনার-বাউন্ড টু পাকিস্তান ইন ডিউটি, ডেসটিনি অ্যান্ড ডেথ’ বইয়ে উঠে এসেছে যে নির্বাসনে থাকার সময় ১৯৫৮ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ইস্কান্দর মির্জার কন্যারা একাধিকবার পাকিস্তান সরকারের কাছে আবেদন করেন তাদের বাবাকে পাকিস্তানে ফেরার অনুমতি দিতে। সেই অনুমতি কখনোই পায়নি তার পরিবার।
ইস্কান্দর মির্জার নাতনির জামাই সৈয়দ খাওয়ার মেহেদির সংকলিত ঐ বইয়ে উঠে আসে যে ইস্কান্দর মির্জা ১৯৬৯ সালে ৭০ বছর বয়সে মারা যাওয়ার পর তার পরিবার আবেদন করে যেন তার দেহাবশেষ পাকিস্তানে সমাধিস্থ করার অনুমতি দেয়া হয়। সেই অনুরোধও প্রত্যাখ্যান করে তৎকালীন পাকিস্তান সরকার। পরে ইরানের শীর্ষ নেতা আহমদ শাহ পাহলভি তার ব্যক্তিগত বিমান পাঠিয়ে লন্ডন থেকে ইস্কান্দর মির্জার মরদেহ ইরানে নিয়ে যান এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। ইস্কান্দর মির্জার শেষকৃত্যে অংশ নিতে তার পরিবারের সদস্যদের ইরানে যাওয়ার জন্যও অনুমতি দেয়নি তৎকালীন পাকিস্তান সরকার।
ইদি আমিন
ইদি আমিন দীর্ঘ ২৪ বছর তার দেশ উগান্ডার বাইরে থেকে সৌদি আরবে মৃত্যুবরণ করেন। ‘দ্য বুচার অব কাম্পালা’ বা কাম্পালার কসাই হিসেবে পরিচিত ইদি আমিন উগান্ডা শাসন করেছেন ১৯৭১ থেকে ১৯৭৯ পর্যন্ত আট বছর, কিন্তু ঐ আট বছরের শাসনামলকেই ধারণা করা হয় আধুনিক আফ্রিকার ইতিহাসের সবচেয়ে নৃশংস অধ্যায়গুলোর একটি হিসেবে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অনুমান, ইদি আমিনের আট বছরের শাসনামলে উগান্ডায় সরকারের বিরোধী, সাংবাদিক, মানবাধিকার কর্মী সহ প্রায় পাঁচ লাখ মানুষকে হত্যা করে ইদি আমিনের বাহিনী। ১৯৭৮ সালে তানজানিয়া আক্রমণ করার পরের বছর তানজানিয়ার সেনাবাহিনী ও উগান্ডার সরকার বিরোধীদের যৌথ আক্রমণে ইদি আমিনের সরকারের পতন ঘটে ও ইদি আমিন পার্শ্ববর্তী লিবিয়ায় পালিয়ে যান। পরে তিনি সৌদি আরবে আশ্রয় নেন।
সৌদি আরবে নির্বাসনে থাকার সময় তিনি বিবিসি ও গার্ডিয়ানের মত ব্রিটিশ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন এবং দাবি করেন তার শাসনকালে তার বিরুদ্ধে আনা সহিংসতার সাথে তার সংযোগ নেই।
ইদি আমিনের দেহাবশেষ উগান্ডায় ফিরিয়ে আনা বা তার সমাধি তৈরি নিয়ে আলোচনা তৈরি হয়েছে, প্রতিবারই উগান্ডার সরকার সেসব সম্ভাবনা নাকচ করে দিয়েছে। ইদি আমিনের দেহাবশেষ উগান্ডায় ফিরিয়ে আনা বা তার সমাধি তৈরি নিয়ে আলোচনা তৈরি হয়েছে, প্রতিবারই উগান্ডার সরকার সেসব সম্ভাবনা নাকচ করে দিয়েছে
ইদি আমিন ২০০৩ সালে, ৭৫ বছর বয়সে, তার পরিবারের মাধ্যমে উগান্ডার সরকারের কাছে আবেদন জানান যেন তাকে উগান্ডায় ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়। উগান্ডার বিরোধী দল উগান্ডা পিপলস কংগ্রেসও তাকে ফেরানোর জন্য সরকারের কাছে অনুরোধ করে বলে প্রকাশিত হয় সেসময়কার আন্তর্জাতিক পত্রপত্রিকায়। সেসময় তিনি গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন। তবে উগান্ডার তৎকালীন প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সরকার সেসব অনুরোধ আমলে নেয়নি। এমনকি পরবর্তীতে যখন ইদি আমিনের দেহাবশেষ উগান্ডায় ফিরিয়ে আনা বা তার সমাধি তৈরি নিয়ে আলোচনা তৈরি হয়েছে, প্রতিবারই উগান্ডার সরকার সেসব সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
ফার্দিনান্দ মার্কোস
ফার্দিনান্দ মার্কোসের দেহাবশেষ তার মৃত্যুর চার বছর পর ফিলিপিন্সে ফিরিয়ে নেয়ার অনুমতি দেয় ফিলিপিন্সের সরকার। ফিলিপিন্সের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোসের বাবা ফার্দিনান্দ মার্কোস সিনিয়র ১৯৬৫ থেকে ১৯৮৬ পর্যন্ত প্রায় ২০ বছর ফিলিপিন্সের ক্ষমতায় ছিলেন। মার্কোস ১৯৬৫ সালে প্রথমবার প্রেসিডেন্ট হলেও ফিলিপিন্সের সর্বময় ক্ষমতা দখল করেন ১৯৭২ সালে। সে বছর তার দ্বিতীয় মেয়াদের শেষদিকে তিনি দেশে সেনাশাসন জারি করেন। সেনাশাসন জারি করে মি. মার্কোস সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় বিরোধী দলের নেতাকর্মী, মানবাধিকারকর্মীদের হত্যা করেন ও বিচার বিভাগকে প্রভাবিত করে আদালতকে নিজের নিয়ন্ত্রণে নেন।
একপর্যায়ে ১৯৮৩ সালে বিরোধী দলীয় শীর্ষ নেতা বেনিগনো অ্যাকুইনোকে হত্যার পর ফিলিপিন্স জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ ১৯৮৬ সালে বড় আকারের বিক্ষোভে রূপ নেয় এবং এক পর্যায়ে ফার্দিনান্দ মার্কোসকে তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে পালিয়ে যেতে বাধ্য হন। সেই সময়কার ধারণা অনুযায়ী, ফার্দিনান্দ মার্কোস দুর্নীতির মাধ্যমে ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থের সমতূল্য সম্পদ রাষ্ট্রীয় কোষাগার থেকে তছরুপ করেছিলেন।
ফার্দিনান্দ মার্কোস ১৯৮৯ সালে মারা যাওয়ার পর তার দেহাবশেষ ফিলিপিন্সে ফেরানোর আবেদন করে তার পরিবার। কিন্তু সেই সময়কার প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনো মি. মার্কোসের দেহাবশেষ ফিলিপিন্সে ফেরানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তবে ১৯৯৩ সালে প্রেসিডেন্ট ফিদেল ভি. রামোস ঐ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং ফার্দিনান্দ মার্কোসের দেহাবশেষ তার জন্মস্থান ইলোকোস নর্তেতে সমাধিস্থ করার অনুমতি দেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের শাসনামলে মি মার্কোসের দেহাবশেষ রাজধানী ম্যানিলায় নিয়ে আসা হয় এবং ফিলিপিন্সের বীরদের সমাধিস্থল হিসেবে পরিচিত ‘লিবিনগান নাং মাঙ্গাহ বাইয়ানি’ সমাধিক্ষেত্রে রাখা হয়।
থাকসিন সিনাওয়াত্রার,
পুলিশ থেকে প্রধানমন্ত্রী
থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন যিনি প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিলেন। এরপর ২০০৫ সালে তিনি দ্বিতীয় দফায়ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের মালিকানাধীন টেলিকম শিন কর্পোরেশনে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করার পর থাইল্যান্ডের মানুষের মধ্যে থাকসিন সিনাওয়াত্রার গ্রহণযোগ্যতা কমতে শুরু করে। থাইল্যান্ডের মানুষ অভিযোগ তোলে যে তিনি কর ফাঁকি দিয়ে এই বিনিয়োগ করেছেন এবং তার বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। থাইল্যান্ডের গ্রামীণ কৃষক শ্রেণির কাছে জনপ্রিয় ছিলেন থাকসিন সিনাওয়াত্রা।
এরপর ২০০৬ এর এপ্রিলে একদফা নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েও ক্ষমতা না ছাড়লে শেষ পর্যন্ত সে বছরের সেপ্টেম্বরে সেনা অভ্যুত্থানের পর যুক্তরাজ্যে চলে যান তিনি। পরের বছর, ২০০৭ এ, তার রাজনৈতিক জোট নির্বাচন জিতলে একদফা ফেরেন থাইল্যান্ডে। তবে তার পরিবারের সদস্যদের সাথে তাকেও দুর্নীতির অভিযোগে আদালত দোষী সাব্যস্ত করলে পরিবার নিয়ে দুবাই চলে যান তিনি। তবে থাইল্যান্ডের বাইরে থাকলেও সেখানকার রাজনীতিতে পুরোটা সময়ই প্রভাব খাটিয়েছেন থাকসিন সিনাওয়াত্রা। ২০১১ সালে তার বোন ইংলুক সিনাওয়াত্রা আর ২০২৪ সালে তার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীও হন।
দুবাইয়ে দীর্ঘসময় থাকার পর ২০২৩ সালে থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডে ফিরে আসেন এবং আদালতের দেয়া আট বছরের সাজা ভোগ করতে কারাগারে যান। তার কারাদণ্ডের মেয়াদ পরে কমিয়ে একবছর করা হয়। বর্তমানে থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডে স্বাভাবিক জীবনযাপন করছেন। এই সময়ের মধ্যে অন্তত তিনবার থাকসিন সিনাওয়াত্রার পাসপোর্ট বাতিল করে থাইল্যান্ড সরকার। ২০১১ সালে তার বোন প্রধানমন্ত্রী হওয়ার পর একদফা তিনি পাসপোর্ট ফিরে পেলেও ২০১৫ সালে সরকার আবারো তার পাসপোর্ট বাতিল করে।
নাওয়াজ শরীফ দুই
দফা নির্বাসনে ছিলেন
পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফ দুই দফা নির্বাসনে ছিলেন সৌদি আরব আর যুক্তরাজ্যে। মিয়া মুহাম্মদ নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় মেয়াদে ১৯৯৯ সালে ক্ষমতাচ্যূত হন সেনাপ্রধান পারভেজ মুশাররফের নেতৃত্বাধীন এক সামরিক অভ্যুত্থানে। ক্ষমতাচ্যুত হওয়ার পর সন্ত্রাসবাদের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হয় তার।
পরের বছরই সৌদি রাজপরিবার আর মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় ২০০০ সালে তিনি মুক্ত হন এবং শর্তসাপেক্ষে সৌদি আরবে নির্বাসিত হতে সম্মত হন। ২০০৭ সালে সৌদি আরব থেকে তিনি পাকিস্তানে ফেরেন এবং ২০১৩ সালে আবার প্রধানমন্ত্রী হন। ২০১৬ সালে ‘পানামা পেপার্স’ এ মি. শরীফের সন্তানদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশিত হওয়ার জের ধরে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেয়া রায়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন নওয়াজ শরীফ। আদালতের রায়ে সেসময় তার সাত বছরের কারাদণ্ড হয়।
কারাগারে থাকাকালীন ২০১৯ সালে আদালত নওয়াজ শরীফকে চিকিৎসার স্বার্থে চার সপ্তাহের জন্য যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি দেয়। নওয়াজ শরীফ যুক্তরাজ্যে গিয়ে সেখান থেকে পরের চার বছর ফেরেননি। ২০২১ সালে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার তার পাসপোর্টও বাতিল করে দেয়। পরে ২০২২ সালে ইমরান খান দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যূত হওয়ার পর নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন এবং নওয়াজ শরীফ নতুন করে ইস্যু করা পাসপোর্টে পাকিস্তানে ফিরে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে আদালতে আপিল করেন।
এই নেতারা ছাড়াও গত কয়েক বছরে অনেক দেশের শাসকের ক্ষেত্রেই ক্ষমতাচ্যূত হয়ে নির্বাসনে যাওয়া এবং দেশে ফেরাকে ঘিরে নানা নাটকীয় ঘটনা ঘটেছে বিশ্ব রাজনীতিতে। তাদের মধ্যে এমন নেতা রয়েছেন যারা ক্ষমতাচ্যূত হয়ে দেশে ফিরতে চাইলেও এখনো ফিরতে পারছেন না – যেমন আফগানিস্তানের আশরাফ ঘানি। আবার শ্রীলঙ্কার গোটাবায়া রাজাপাকশের মতো এমন নেতাও রয়েছেন যার ক্ষমতা হারানোর পর নির্বাসনের মেয়াদ ছিল দুই মাসেরও কম।

খবরসূত্র: বিবিসি বাংলা