1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর বিভিন্ন স্থানে বাস ও পিকআপে আগুন

dokhinersomoy
September 19, 2026 11:25 pm
Link Copied!

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় কয়েকটি বাস ও একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত মিরপুর, বাড্ডা ও দক্ষিণ কেরানীগঞ্জে এসব ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুরে প্রায় একই সময়ে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সবশেষ রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মধ্য বাড্ডা ইউলুপের কাছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন লাগা বাসটি ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামে একটি স্টাফ বাস বলে জানা গেছে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুল জানান, বাসটি রাস্তার পাশে পার্ক করা অবস্থায় ছিল। এ সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়।

এদিকে, মিরপুরে সন্ধ্যার পর কয়েক মিনিটের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে ‘শিকড় পরিবহন’-এর একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর কিছুক্ষণ পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে ‘অভিযাত পরিবহন’-এর একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, একটি বাসে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে বাসটি পুড়ে যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এ ঘটনার একটি ভিডিওতে বাসটির পেছনের দিকে আগুন জ্বলতে দেখা যায়। পরে বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মিরপুর-১ নম্বরের ওই বাসে আগুন লাগার কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই বলে জানা গেছে।

একই দিনে রাজধানীর বিভিন্ন স্থানে বাস ও পিকআপে আগুন দেওয়ার এসব ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট থানা পুলিশ।