• ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউজিভি’র প্রথম সমাবর্তন আজ

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
ইউজিভি’র প্রথম সমাবর্তন আজ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশাল নগরীর স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে (ইউজিভি) আজ অনুষ্ঠিত হচ্ছে তাদের প্রথম সমাবর্তন। দীর্ঘ শিক্ষাজীবনের পর প্রথমবারের মতো ডিগ্রি হাতে পাওয়ার অপেক্ষায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে এক উচ্ছ্বাসমুখর পরিবেশ। ঐতিহ্যবাহী বেলস্ পার্ক মাঠে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিন হাজারেরও বেশি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হবে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের পক্ষে উপস্থিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজের মাধ্যমে। সমাবর্তনে মূল বক্তা হিসেবে থাকবেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
শিক্ষার্থীরা বলছেন, এই দিনটি তাদের জীবনের সবচেয়ে প্রতীক্ষিত ও আবেগঘন মুহূর্তগুলোর একটি। বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে তারা সমাবর্তনকে দেখছেন। শিক্ষার্থী সাবরিনা তাসনিম বলেন, “এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি। পরিশ্রমের ফল হাতে পাওয়ার মুহূর্তটা নিঃসন্দেহে জীবনের সেরা আনন্দের একটি।” অন্য শিক্ষার্থীরাও জানান, বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে আবার দেখা হওয়ার সুযোগ এবং একসঙ্গে সাফল্য উদযাপনের অনুভূতি ভাষায় প্রকাশের নয়। দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনতে ইউজিভি ইতিমধ্যেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে—যেখানে গবেষণা, উদ্ভাবন, এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের গড়ে তুলছে দক্ষ ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম নাগরিক হিসেবে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি এবং সাইবার সিকিউরিটি বিভাগে তিন হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। তাদের প্রকল্প, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। উপাচার্য প্রফেসর ড. আবদুল বাকি বলেন, “ইউজিভির প্রথম সমাবর্তন আমাদের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। আমরা শুধু সনদ দিচ্ছি না, বরং সেই জ্ঞানের সম্মান জানাচ্ছি যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমাদের লক্ষ্য—প্রতিটি শিক্ষার্থীকে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার মিশেলে এমন নাগরিক হিসেবে গড়ে তোলা, যারা ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।”
বার্তা প্রেরক – প্রিন্স তালিুকদার