চলতি বছরের এইচএসসি ফলাফল বিপর্যয়ের কারণে মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএ’র শর্ত নিয়ে বিপাকে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত জিপিএ না পাওয়ায় অনেকেই এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ হারানোর আশঙ্কা করছেন। ফলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৯ থেকে কমিয়ে ৮ নির্ধারণসহ শর্ত শিথিলের দাবি তুলেছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনও (বিপিএমসিএ) শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত হয়ে একই প্রস্তাব দিয়েছে। সংস্থাটির সভাপতি ডা. শেখ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন ১৯ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এক লিখিত আবেদন জমা দেন। বিপিএমসিএ জানায়, গত শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে শতাধিক আসন শূন্য ছিল। এবারের দুর্বল ফলাফলের কারণে সেই সংখ্যা আরও বাড়তে পারে, যা চিকিৎসা শিক্ষার ধারাবাহিকতায় বড় বাধা সৃষ্টি করবে।
সংগঠনটির মতে, এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে জিপিএ ৯ শর্ত বহাল থাকলে বিপুল সংখ্যক যোগ্য প্রার্থী আবেদন করতে পারবে না। এতে বেসরকারি মেডিকেল কলেজগুলো মারাত্মক সংকটে পড়বে এবং চিকিৎসা শিক্ষায় নেতিবাচক প্রভাব পড়বে। তাই ভর্তি পরীক্ষায় জিপিএ শর্ত শিথিল করে মূলত লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ধারণের দাবিই এখন শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌথ প্রত্যাশা।