• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে: আবহাওয়া অফিস

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ১৯:১৯ অপরাহ্ণ
নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে: আবহাওয়া অফিস
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। অবস্থান সমন্বয় অনুযায়ী, এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১,৩৩০ কিমি, কক্সবাজার থেকে ১,২৫৫ কিমি, মোংলা থেকে ১,৩০৫ কিমি এবং পায়রা থেকে ১,২৬৫ কিমি দক্ষিণে রয়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিমি, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং নিম্নচাপের কেন্দ্রের আশেপাশের সাগর উত্তাল।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে এসে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নাগরিক ও জাহাজচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।