বাংলাদেশে শিক্ষার মান উন্নয়নে অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ২৬টি পার্টনার স্কুলের ১৪১ জন শিক্ষককে সম্মাননা জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল। “ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলস টিচারস রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠানটি গত ২৬ অক্টোবর ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়। যারা ব্রিটিশ কাউন্সিলের বার্ষিক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন, তারাই এই সম্মাননা অর্জন করেন। প্রশিক্ষণটি অনলাইন ও সরাসরি উপস্থিতি—দুই মাধ্যমেই অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষকদের বিশেষ শিক্ষা চাহিদা, ভবিষ্যতমুখী দক্ষতা, আচরণ ব্যবস্থাপনা ও কার্যকর পাঠ পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগ শুধু প্রশিক্ষণ নয়, বরং শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার এক অনন্য সুযোগ তৈরি করেছে। এতে ঢাকার ১৮টি স্কুলের ১১৫ জন, চট্টগ্রামের ১৯ জন এবং সিলেটের ৭ জন শিক্ষককে স্বীকৃতি দেওয়া হয়। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইমান বলেন, “বাংলাদেশের শতাধিক শিক্ষককে এই প্ল্যাটফর্মে একত্রিত করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার ইংলিশ অ্যান্ড এক্সামস রিজিওনাল বিজনেস ডিরেক্টর তালাল মীর, মাস্টার ট্রেইনার সানা শাহিদ ও সৌদি আরবের শ্রীদীপ মিত্র। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। দুইজন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, যা উপস্থিতদের অনুপ্রাণিত করে। সমাপনী বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট তাহনী ইয়াসমিন জানান, “এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি শিক্ষার ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা।” আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম ও ৮ নভেম্বর সিলেটে অনুরূপ আরও দুটি অনুষ্ঠানের আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল।