এই পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো প্রেম ও ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকে। কিন্তু মনে রাখা প্রয়োজন, প্রেম আর ভালোবাসা কখনোই এক নয়। প্রেম কেবল মানুষে মানুষে সীমাবদ্ধ নয়। প্রেম হতে পারে মহান আল্লাহর প্রতি, নবী-রাসুলের প্রতি, নিজের ধর্ম ও বিশ্বাসের প্রতি, এমনকি প্রকৃতির প্রতিও। যখন এক হৃদয় আরেক হৃদয়ের সাথে মিশে একাকার হয়ে যায়, তখনই জন্ম নেয় সত্যিকারের প্রেম। আজও সেই অমর মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাণী মনে করিয়ে দেয়, “সত্য প্রেমই পবিত্রতা।”
ভালোবাসা হলো কোনো মানুষ বা কিছুর প্রতি গভীর মমতা, শ্রদ্ধা, মানবতা ও আত্মিক সম্পর্কের প্রকাশ। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, এটি জন্ম নেয় নিষ্পাপ হৃদয়ের অনুভব থেকে। কিন্তু আজকের যুগে অনেকেই ভালোবাসা খোঁজে শক্তি, ক্ষমতা, অর্থ বা স্বার্থের বিনিময়ে। অথচ সেই ভালোবাসা ক্ষণস্থায়ী, প্রয়োজন ফুরালেই মিলিয়ে যায় তার মায়া ও ভালোবাসা। কিন্তু প্রেম… প্রেম যদি আত্মার সাথে মিশে যায়, তবে তা হয় চিরন্তন। প্রেমে নেই স্বার্থ, নেই প্রতারণা।
ভালোবাসা মানুষকে কোমল করে, আর প্রেম মানুষকে পবিত্রতার শিখরে পৌঁছে দেয়। তাই বলি , প্রেম ও ভালোবাসা একে অপরের কাছাকাছি হলেও, প্রেমই আত্মার আলো, ভালোবাসা তার ছায়া মাত্র। কবির ভাষায় — “প্রেমে যে পুড়ে, সেই সত্য আলোয় আলোকিত হয়।” সশ্রদ্ধ ভালোবাসা ও অনুভবে — আপনাদেরই একজন।”