• ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের ওপর নজর রাখতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ১৮:২৯ অপরাহ্ণ
বাংলাদেশের ওপর নজর রাখতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক ও সামরিক তৎপরতা ঘিরে নজরদারি জোরদার করতে পশ্চিমবঙ্গের বন্দরনগরী হলদিয়ায় নতুন একটি নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগে বাংলাদেশ ও চীনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ বিশেষ গুরুত্ব পাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে চীনা নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং একই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক পর্যায়ে যোগাযোগ বাড়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছে নয়াদিল্লি। ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের পাকিস্তান সফরসহ একাধিক বিষয় নিরাপত্তা মূল্যায়নে গুরুত্ব পেয়েছে। এসব বাস্তবতায় কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হলদিয়ায় নৌঘাঁটি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে হুগলি নদীপথ ব্যবহার করে দ্রুত বঙ্গোপসাগরে পৌঁছানো সম্ভব হয়।
নতুন ঘাঁটিতে হলদিয়া ডক কমপ্লেক্স ব্যবহার করা হবে, ফলে অতিরিক্ত অবকাঠামো নির্মাণের প্রয়োজন কমবে। এখানে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট ও নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফটের মতো উচ্চগতির সামরিক নৌযান মোতায়েন করা হবে, যেগুলোর গতি ঘণ্টায় প্রায় ৭৪ থেকে ৮৩ কিলোমিটার। এসব নৌযানে আধুনিক অস্ত্র ও ড্রোন সিস্টেম সংযোজনের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত ঘাঁটিতে সার্বক্ষণিকভাবে প্রায় ১০০ নৌসেনা সদস্য দায়িত্ব পালন করবেন। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটিকে ভারতের সতর্কতামূলক কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।