• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিপিংকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে: প্রধান উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
শিপিংকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে: প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে টিকিয়ে রাখার ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রতিষ্ঠানটির সাম্প্রতিক সাফল্য ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বুধবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিএসসির ছয়টি জাহাজ ক্রয় প্রকল্পের ঋণ পরিশোধ এবং ২০২৪–২৫ অর্থবছরের লভ্যাংশ বাবদ সরকারের পাওনা মোট ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক প্রধান উপদেষ্টার হাতে চেক তুলে দেন। প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা এমনভাবে নিতে হবে, যাতে প্রতিষ্ঠানের নিজস্ব আয় দিয়েই বহরে নতুন জাহাজ যুক্ত করা যায়। এতে একদিকে যেমন বিএসসি আরও শক্তিশালী হবে, অন্যদিকে নাবিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তিনি বিশ্বমানের নাবিক গড়ে তুলতে মেরিন একাডেমির প্রশিক্ষকদের যথাযথ সম্মানী দিয়ে ধরে রাখার ওপর গুরুত্ব দেন।
বিএসসি সূত্র জানায়, ছয়টি নতুন জাহাজ ক্রয় প্রকল্পের মাধ্যমে দীর্ঘ ২৭ বছর পর বহরে বাণিজ্যিক জাহাজ যুক্ত হয় এবং এসব জাহাজ আন্তর্জাতিক সমুদ্রপথে বাংলাদেশের পতাকা বহন করে পণ্য পরিবহন করছে। সর্বশেষ অর্থবছরে বিএসসি প্রায় ৮০০ কোটি টাকা আয় করে ৩০৬ কোটি টাকার বেশি মুনাফা অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। এই অগ্রগতির ধারাবাহিকতায় নতুন জাহাজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতেও বিএসসি লাভজনক অবস্থান ধরে রাখতে পারে।