• ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পে-স্কেল নিয়ে ফের বৈঠক আজ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
পে-স্কেল নিয়ে ফের বৈঠক আজ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে নবম জাতীয় পে-কমিশন। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনসহ একাধিক স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ আবার বৈঠকে বসছে পূর্ণ কমিশন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজকের আলোচনায় গ্রেড সংখ্যা নির্ধারণের পাশাপাশি বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, অবসরকালীন সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। কমিশনের সদস্যদের মধ্যে ঐকমত্য হলে এসব বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সূত্র আরও জানায়, পে-কমিশনের প্রতিবেদনে বর্তমান বাজারদর, চলমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের উচ্চমূল্য, পরিবারের গড় সদস্য সংখ্যা, আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। এই পূর্ণাঙ্গ কাঠামো ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে।
এর আগে অনুষ্ঠিত এক বৈঠকে নবম পে-স্কেলে বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে। গত ৮ জানুয়ারি সচিবালয়ে পূর্ণ কমিশনের সভায় ১:৮, ১:১০ ও ১:১২—এই তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ১:৮ অনুপাত চূড়ান্ত করা হয়। একই সভায় সর্বনিম্ন বেতন নিয়ে একাধিক প্রস্তাব পর্যালোচনা করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। উল্লেখ্য, জাতীয় বেতন কমিশন গঠিত হয় ২০২৫ সালের ২৭ জুলাই, যার সভাপতি সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে।