দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের বিপুলসংখ্যক মেটা ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন শামা ওবায়েদ। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) প্রসারে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স খাত আরও সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় আসে। অনলাইনে হয়রানি ও ডিজিটাল নির্যাতন প্রতিরোধে মেটার আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এর আগে শামা ওবায়েদ জানিয়েছিলেন, ঢাকায় অফিস বা ফোকাল পয়েন্ট স্থাপনের বিষয়ে মেটার আগ্রহ রয়েছে। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, অনলাইন ব্যবসা ও ই-কমার্স সম্প্রসারণে প্রতিষ্ঠানটির সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় এসেছে।