দখিনের সময় ডেস্ক
আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ১৩ অক্টোবর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় আসন্ন বিদেশ সফরের বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী। মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানো এবং মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক সহযোগিতা জোরদার করাই এাই সফরের লক্ষ্য।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির পদক্ষেপবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) আওতায় উচ্চপর্যায়ের সভায় অংশগ্রহণ করবেন তিনি। হুমায়ুন কবির বলেন, সভায় বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও সংশ্লিষ্ট নীতিনির্ধারণী বিষয়ে দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেবেন।
সফরের কৌশলগত গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের এখন মধ্য এশিয়ার সঙ্গে আরও নিবিড় যোগাযোগ ও সম্পৃক্ততা গড়ে তোলা প্রয়োজন। অঞ্চলটিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কার্যক্রম সম্প্রসারণের নতুন ক্ষেত্র ও মাত্রা হিসেবে উল্লেখ করেন তিনি।হুমায়ুন কবির বলেন, ‘পররাষ্ট্রনীতির দৃষ্টিকোণ থেকে মধ্য এশিয়া একটি নতুন ক্ষেত্র ও মাত্রা। আমরা সেখানে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়াচ্ছি।’ বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক বহুমুখী করার প্রচেষ্টার অংশ হিসেবে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত যোগাযোগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আজারবাইজান সফর শেষে ১৭ অক্টোবর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে বাগদাদ যাবেন বলে জানান হুমায়ুন কবির। তিনি আরো বলেন, আমি সেখানে অংশ নেব এবং আমাদের সরকারের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেব। ওআইসির ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে একটি বক্তব্যও দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।