দখিনের সময় ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে তাঁকে ‘লিগ্যাল অফিসার—বাংলাদেশ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে ছয়জন বাংলাদেশি। জাইমা রহমানের পাশাপাশি বাংলাদেশি কূটনীতিক মো. আব্দুল আলিম ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করবেন। মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোর বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন। জাতিসংঘের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাইমা তাঁর দায়িত্বে সভাপতির কার্যালয়ের আইনি বিষয়গুলো দেখভাল করবেন।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আইন ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করেছেন এবং যুক্তরাজ্যে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেছেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও উত্তীর্ণ হন তিনি। খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেন।