1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ফাঁকা হচ্ছে ফুটপাত, উন্মুক্ত হয়েছে পথচারীদের জন্য

dokhinersomoy
November 9, 2026 1:04 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট:
রাজধানীর নিউ মার্কেটের পাশের ফুটপাত এখন অনেকটাই ফাঁকা। যেখানে প্রতিদিন শত শত হকার পসরা সাজিয়ে বসতেন, সেখানে এখন নেই সেই চেনা ব্যস্ততা। উচ্ছেদ অভিযানে দোকানপাট সরিয়ে নেওয়ার পর বদলে গেছে পুরো এলাকার চিত্র। তবে সড়কের বিপরীত পাশে গাউছিয়া মার্কেটের সামনের ফুটপাত ও আশপাশের এলাকায় এখনো ব্যবসা করছেন হকাররা। কিন্তু তাদের চোখেমুখে স্বস্তি নেই। দোকান খুলছেন ঠিকই, তবে কখন উচ্ছেদের অভিযান শুরু হয়, সেই আশঙ্কা নিয়েই কাটছে প্রতিটি দিন। তাদের কাছে প্রতিদিনের ব্যবসা এখন শুধু আয়-রোজগারের বিষয় নয়, একই সঙ্গে অনিশ্চয়তার সঙ্গে লড়াই। সরেজমিনে নিউ মার্কেট ও গাউছিয়া মার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
নিউ মার্কেটের পাশের ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়ার পর জায়গাটি অনেকটাই পরিচ্ছন্ন ও ফাঁকা দেখা যাচ্ছে। পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে ফুটপাতের বড় একটি অংশ। কিন্তু এই পরিবর্তনের বিপরীতে জীবিকার জায়গা হারিয়েছেন সেখানে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীরা। কেউ মালামাল সরিয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছেন, কেউ পরিচিতজনের দোকানে পণ্য রাখছেন, আবার কেউ নতুন জায়গা খুঁজছেন। তাদের অনেকের কাছেই ব্যবসার নির্দিষ্ট কোনো বিকল্প জায়গা নেই।
এদিকে  উচ্ছেদ অভিযান পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান কতটা হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, বিকল্প কর্মস্থল বা পুনর্বাসনের ব্যবস্থা না থাকলে হকাররা অন্য কোনো সড়ক, ফুটপাত কিংবা এলাকায় গিয়ে আবারও ব্যবসা শুরু করতে পারেন। এতে এক জায়গার সমস্যা অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার আশঙ্কা থাকে। ফলে পরিকল্পিত হকার ব্যবস্থাপনা ছাড়া শুধু উচ্ছেদ অভিযান দিয়ে স্থায়ী সমাধান পাওয়া কঠিন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। ফুটপাতের হকাররা মূলত অনানুষ্ঠানিক অর্থনীতির অংশ। তাদের ব্যবসার বড় একটি অংশ হয়তো আনুষ্ঠানিক হিসাব-নিকাশের মধ্যে আসে না। কিন্তু তাদের মাধ্যমে পণ্য কেনাবেচা হচ্ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে, ক্ষুদ্র পুঁজি ঘুরছে এবং নিম্ন আয়ের মানুষের ক্রয়চাহিদা পূরণ হচ্ছে। এই অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপ্তি নিরূপণ না করে হকারদের ব্যবসাকে কেবল ফুটপাত দখলের সমস্যা হিসেবে দেখলে বাস্তবতার একটি বড় অংশ আড়ালে থেকে যায়।