দখিনের সময় ডেস্ক:
বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় ময়লার ভাগাড়ে পড়ে থাকা একটি বস্তা থেকে ৫০০ ও ১ হাজার টাকার নোট কুড়িয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে নোটগুলোর পেছনে ইংরেজিতে ‘অনলি ফর শুটিং’ লেখা দেখে এগুলো আসল টাকা নয় বলে নিশ্চিত হন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সকালে ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে কয়েকজন সেখানে যান। বস্তার ভেতরে টাকার বান্ডিল দেখতে পেয়ে প্রথমে তারা সেগুলো আসল টাকা বলে মনে করেন। খবর ছড়িয়ে পড়লে আরও অনেকে ঘটনাস্থলে জড়ো হয়ে বস্তা থেকে নোট নিয়ে যান। স্থানীয় কয়েকজন নোটের পরিমাণ বিপুল বলে দাবি করলেও এর সঠিক হিসাব পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫০০ ও ১ হাজার টাকার কয়েকটি ছেঁড়া নোট এবং একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নোটগুলো পরীক্ষা করে সেগুলোর পেছনে ‘অনলি ফর শুটিং’ লেখা পাওয়া গেছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সদস্যদের ধারণ করা ভিডিওতেও একই লেখা দেখা গেছে। পুলিশের ধারণা, শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য তৈরি করা এসব নোটই ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছিল। তবে এগুলো সেখানে কীভাবে এলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়ন।
ওসি জানান, পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়দের অনেকে নোট নিয়ে চলে যাওয়ায় মোট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। পাশাপাশি পড়ে থাকা নোটগুলোর বেশির ভাগই ছেঁড়া ছিল। কে বা কারা এসব নোট সেখানে ফেলেছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নোটগুলো আসল না হওয়ায় বাজারে ব্যবহার নিয়ে প্রতারণার আশঙ্কা থাকলেও সেগুলোর পেছনের লেখা দেখে সতর্ক থাকা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।