দখিনের সময় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিবিরোধী অভিযান চালিয়ে রিপন ওরফে কালু মিয়া নামে এক কালোবাজারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪০টি রেলের টিকিট, ৮০টি আসনের ভুয়া টিকিট সংক্রান্ত কাগজপত্র এবং নগদ ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কালু মিয়াকে এ দণ্ডাদেশ প্রদান করেন। রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া বলেন, একই টিকিট ১০-১২ জনের কাছে প্রিন্ট করে বিক্রি করতেন কালু মিয়া।
ফাঁড়ির ইনচার্জ আরও বলেন, টিকিট কালোবাজারি বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে হামলা ও হুমকির মুখোমুখি হতে হলেও সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষায় ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, গত ছয় মাসে টিকিট কালোবাজারির অভিযোগে ২০টি মামলা এবং ৫০ জনকে আটক করা হয়েছে।