দখিনের সময় ডেস্ক:
জনগণের তথ্য পাওয়ার অধিকার একটি মৌলিক মানবাধিকার বলে উল্লেখ করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত সিটি কর্পোরেশনের নবম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ শীর্ষক এক সেশনে তিনি এ কথা বলেন।
সেশনে প্রধান তথ্য কমিশনার তথ্য অধিকার আইন, ২০০৯-এর মূল বিষয়বস্তু, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া, তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা এবং আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, তথ্য অধিকার জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে।
প্রধান তথ্য কমিশনার প্রশিক্ষণার্থীদের নিজ নিজ কর্মক্ষেত্রে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনসেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তোলার আহ্বান জানান।