দখিনের সময়।।
এক বাড়িতে একজন বিএনপি করলে পরিবারের সবাইকে বিএনপি করতে হবে—এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেন, “এক ভাই বিএনপি করবেন, এক ভাই ফ্যাসিস্টের দল করবেন, আরেক ভাই গুপ্তের দল করবেন—তা চলবে না। আমার বার্তা স্পষ্ট। আপনারা কিন্তু পার পাবেন না।”
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা ফ্যাসিস্ট বা রাজাকার ছিলেন, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদের সঙ্গে কারও আত্মীয়তা থাকলে সেই আত্মীয়তার বন্ধনও ছিন্ন করার আহ্বান জানান তিনি।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ তুলে আহম্মদ সোহেল মনজুর বলেন, “ফ্যাসিস্টদের কারণে আমাদের নেত্রী, আমাদের অভিভাবক, আমাদের দেশের মা বিনা চিকিৎসায় মারা গেছেন। সেই ফ্যাসিস্টদের আপনারা প্রশ্রয় দেবেন, তাদের সঙ্গে আত্মীয়তা করবেন—সেই দিন শেষ। একদম শেষ।”
অনুষ্ঠানে কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।