বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৬।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অত্যন্ত বেশি। একটি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চালু রাখা প্রয়োজন। সীমিত সক্ষমতার মধ্যেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার কার্যক্রম অব্যাহত রাখা হবে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান ফিজিবিলিটি স্টাডির কাজ শেষ করে দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে আধুনিক জিমনেসিয়াম, অডিটোরিয়ামসহ প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান।
উপাচার্য বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার জন্যই গুরুত্বপূর্ণ নয়; শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, অধ্যবসায় ও সুন্দর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জীবন সাধারণত নিয়ম-শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয়, যা তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিরাজিস সাদিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির।
এ ছাড়া বক্তব্য রাখেন সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন ও সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এবারের আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৬-এর দাবা, টেবিল টেনিস ও ক্যারাম ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।