সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন।
শনিবারের (১০ অক্টোবর) এ ঘটনার পর বিমানবন্দরের কয়েকটি এলাকা থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া একাধিক ফ্লাইট বাতিল বা অন্য গন্তব্যে পাঠানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণের পর বেশ কয়েকজনকে মেঝেতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তিনি। এ সময় এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে দ্রুত বিমানবন্দরের দিকে যেতে দেখা যায়। তবে বিস্ফোরণের কারণ এবং হতাহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিষয়ে সৌদি সরকারের মিডিয়া অফিস ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের মধ্যে এ ঘটনা ঘটল। এর আগে চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে দুই দফা হামলার ঘটনায় চারজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। হামলায় একটি উড়োজাহাজও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।
এদিকে রিয়াদে আসন্ন বড় জ্বালানি ও বিনিয়োগ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করার চেষ্টা করেছেন তারা।
হুতিরা সৌদি আকাশসীমাকে সামরিক অভিযান এলাকা ঘোষণা করে উড়োজাহাজ চলাচল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
সূত্র: রয়টার্স