দখিনের সময় রিপোর্ট:
সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
বুধবার (২১ অক্টোবর) রাতে নিজের নির্বাচনী এলাকা ভোলা সদরের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
আন্দালিভ রহমান বলেন, সাইবার সুরক্ষার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়াকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সংশ্লিষ্ট অংশীজন, টেলিভিশন চ্যানেলের মালিক ও পত্রিকার সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
তিনি বলেন, এমন একটি টেকসই নীতিমালা প্রণয়ন করতে চান, যাতে গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষ সমানভাবে আইনি সুরক্ষা পান। আইন সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে শিগগিরই ইতিবাচক ও কার্যকর পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পূজামণ্ডপে ২৯ লাখ টাকা অনুদান
দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদরের ২৯টি পূজামণ্ডপে ব্যক্তিগতভাবে মোট ২৯ লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান।
বুধবার রাতে তিনি ভোলা শহরের বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মী গোবিন্দ মন্দির, বাপ্তা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ ও সার্কুলার রোড পূজামণ্ডপসহ মোট নয়টি মন্দির পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
পূজার নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক
দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এবার আনন্দ ও সম্প্রীতির পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব পালন করছেন। হিন্দু-মুসলমানসহ দেশের সব নাগরিক পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন, যা অত্যন্ত আনন্দের বিষয়।
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। পূজা উদযাপন কমিটির নেতাদের বরাত দিয়ে মন্ত্রী বলেন, এবার পূজা চলাকালে ভোলায় কোথাও নিরাপত্তা-সংক্রান্ত শঙ্কা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা বাসসকে জানান, তথ্যমন্ত্রী ও জেলার স্থানীয় সংসদ সদস্যদের তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থার কারণে জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন।
সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপন সম্ভব হওয়ায় জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অসীম কুমার সাহা।
সাংবাদিক হত্যার বিচার প্রচলিত আইনেই হবে
সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি সাংবাদিক কিংবা অন্য কোনো পেশার মানুষ—যে-ই হোন না কেন, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে অপরাধ সংঘটিত হলে প্রচলিত আইন অনুযায়ীই তার বিচার হবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)