দখিনের সময় ডেক্স:
সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলনিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়ে বড় ধরনের কৌশলগত ভুল করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে সাবেক এই আইন উপদেষ্টা উল্লেখ করেন, শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করার মাধ্যমে নিজেই নিজের অবস্থান দুর্বল করে দিয়েছেন। বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিবেশ বা পরিস্থিতি আছে বলেই তিনি পাসপোর্ট চেয়েছেন এমন বার্তা এখান থেকে তৈরি হয়। তবে শেখ হাসিনার ক্ষেত্রে এই প্রক্রিয়া আইনগতভাবে প্রযোজ্য নয় উল্লেখ করে আসিফ নজরুল বলেন, সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না; তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। তিনি আরও স্পষ্ট করেন যে, শেখ হাসিনার দেশে ফেরার জন্য নতুন কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেফতার করে সরাসরি বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
সাবেক এই উপদেষ্টার মতে, শেখ হাসিনা পাসপোর্ট চেয়ে মূলত সেই প্রত্যর্পণ বা হস্তান্তরের পথটিই আরও সহজ করে দিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সুযোগ এখন কমে গেছে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, বাংলাদেশ সরকার এখন আন্তর্জাতিক সম্প্রদায় ও ভারতের কাছে শক্তভাবে বলতে পারে যে দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি নিজে দেশে ফেরার সাহস করছেন। কাজেই রাজনৈতিক বিচার হচ্ছে-এমন অজুহাতে তাকে ফেরত না দেওয়ার কোনো যুক্তিসঙ্গত সুযোগ আর ভারতের হাতে নেই। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার ক্ষেত্র তৈরি হয়েছে।
আসিফ নজরুল মনে করেন, আন্তর্জাতিক ও আইনি দিক থেকে কোনো সুবিধা না পেয়ে শেখ হাসিনা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আদতে তার দলের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের জন্য রাজনৈতিক চাপ ও বিপদ আরও বাড়িয়ে তুলছেন।