1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, জাতীয় বার্নে ভর্তি ৭৯

dokhinersomoy
November 10, 2026 2:27 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট:
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছেন। তাদের কেউ সরাসরি আগুনে দগ্ধ না হলেও বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এর মধ্যে একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইমার্জেন্সি রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান, ফতুল্লার সাইনবোর্ড এলাকার ওই মাদরাসায় আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। তবে কোনো শিক্ষার্থীর শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন বা বার্ন ইনজুরি পাওয়া যায়নি। ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, হাসপাতালে আসা ৭৯ শিক্ষার্থীর মধ্যে ৬৩ জনকে ভর্তি ও জরুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থা মূল্যায়ন শেষে বহির্বিভাগ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘৭২ ঘণ্টা না গেলে রোগীদের অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।’ এদিকে, আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসায় ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন। তাদের চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে জানান তিনি।