দখিনের সময় ডেস্ক:
অ্যলুমিনিয়ামের রান্নার পাত্র থেকে বিষাক্ত সিসা ঢুকছে ভাত–খিচুড়িতে এমন তথ্য উঠে আসার পর খোঁজ নিয়ে জানা যাচ্ছে, এ ধরনের পাত্র তৈরিতে ব্যবহৃত ধাতু কিংবা রান্নার পাত্রে সিসার জন্য কার্যত কোনো মানদণ্ডই নেই। বিশেষ করে নতুন পাত্র প্রথম কয়েকবার ব্যবহারের সময় খাবারে সিসার পরিমাণ বেশি পাওয়া গেছে বলে আইসিডিডিআরবির বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইসিডিআরবি ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আইসিডিডিআরবি বলছে, সিসা একটি বিষাক্ত ধাতু, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, রক্তে সিসার কোনো মাত্রা নেই যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে। আইসিডিআরবি ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে যে, স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার হাঁড়ি থেকে খাবারে সিসা মিশতে পারে। সংস্থাটি বলছে, বাংলাদেশে পুরনো অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলের বদলে নতুন পাত্র নেওয়া কিংবা পুরনো কাপড়ের সাথে এ ধরনের পাত্র বিনিময়ের সংস্কৃতি আছে। গবেষণার ফল থেকে বোঝা যাচ্ছে যে, নতুন বা দেখতে চকচকে হলেই একটি রান্নার পাত্র নিরাপদ হবে এমন ভাবার সুযোগ নেই। অনেক অ্যালুমিনিয়ামের পাত্র পুরনো স্ক্র্যাপ ধাতু গলিয়ে তৈরি করা হয়। এসব ধাতু ঠিকভাবে পরীক্ষা না করলে তৈরি পাত্রে সিসা থেকে যেতে পারে- গবেষণার ফল প্রকাশ করে দেওয়া বিজ্ঞপ্তিতে বলেছে আইসিডিডিআরবি।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলছেন, আন্তর্জাতিক মানের সাথে মিলিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রের মান নির্ধারণ বিষয়টি সময়সাপেক্ষ, তবে এর কাজ চলমান রয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলছেন, অ্যালুমিনিয়ামের পাত্র থেকে লেড বা সীসা মিশে বলেই অনেক দিন ধরেই অ্যালুমিনিয়াম পাত্র ব্যবহার না করার জন্য সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
অন্যদিকে বাজারে থাকা পণ্যের মান যাচাইয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউটশন বা বিএসটিআই বলছে, যারা এসব পণ্য উৎপাদন করে তারা তাদের ব্যবহৃত কাঁচামাল মানসম্মত কি-না কিংবা পণ্যে হেভি মেটাল আছে কি-না এসব নিজেরাই অনেকে বোঝে না। বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল অ্যালুমিনিয়াম কুকওয়্যার তৈরির সবচেয়ে বড় কেন্দ্র। চট্টগ্রাম অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির সভাপতি হারুনুর রশিদও বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, বেশিরভাগ কারখানাতেই মান যাচাইয়ের কোনো ব্যবস্থাই নেই। এটি পুরো ইন্ডাস্ট্রির সমস্যা। সরকারসহ সবাই মিলে কাজ করে এ সমস্যার সমাধান করতে হবে।
প্রসঙ্গত, বাংলাদেশে তৈরি হওয়া অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলসহ রান্নার পাত্র নিরাপদ বা স্বাস্থ্যসম্মত মানের কি-না তা যাচাইয়ের কার্যত কোনো ব্যবস্থাই নেই, এমনকি সারাদেশের বাজারে থাকা এসব পণ্যের মান কেউ দেখেও না।
খবর সূত্র: বিবিসি বাংলা