• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক নোট ও মোবাইলের স্ক্রিনে করোনা থাকে ২৮ দিন, ছড়ায় বাতাসেও

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ণ
ব্যাংক নোট ও মোবাইলের স্ক্রিনে করোনা থাকে ২৮ দিন, ছড়ায় বাতাসেও

দখিনের সময় ডেক্স:

ব্যাংক নোট ও মোবাইল ফোনের স্ক্রিন কিংবা স্টেইনলেস স্টিলে ২৮ দিন পর্যন্ত  সক্রিয় থাকতে পারে করোনা ভাইরাস।  এছাড়া প্লাস্টিক বা ধাতুতে ড্রপলেট পড়ার পর তা থেকেও সংক্রমণ ছড়াতে পারে বলে জানায় মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি। এদিকে করোনায় আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশিতে ছড়ানো ড্রপলেট বাতাসে অনেকক্ষণ ভেসে থাকতে পারে বলে এর আগে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভাইরোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় এ দাবি করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা।  পরীক্ষাগারে অন্ধকারে এবং ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন পৃষ্ঠে করোনাভাইরাসের স্থায়িত্ব নিয়ে এই গবেষণা করেন সিএসআইআরও’র বিজ্ঞানীরা।  সিএসআইআরও’র প্রধান গবেষক শেন রিডেল বলেন, একটি কৃত্রিম ম্যাটরিক্সে এই গবেষণাটি করা হয়, যেখানে ভাইরাসের একটি ড্রপলেট ছিলো। কাঁচ, প্লাস্টিক এবং ধাতব পৃষ্ঠে ২৮ দিন পর্যন্ত এবং একই পরিবেশে কাপড়ে ১৪ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।

অবশ্য বেশি তাপমাত্রায় আরও কম সময়েই সংক্রমণ ক্ষমতা হারায় ভাইরাসটি।  ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় মাত্র ২৪ ঘণ্টা পর করোনাভাইরাস সংক্রমণ ক্ষমতা হারায় বলে দেখতে পান গবেষকরা।  নতুন এই গবেষণার পর করোনা সংক্রমণ ঠেকাতে বার বার হাত ধোয়া এবং মুখে হাত না দেয়ার ওপর জোর দিয়েছেন গবেষকরা।