দখিনের সময় রিপোর্ট:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন বলে জানা গেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে মিরপুর-১৩ নম্বরে থাকা বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলার ঘটনা ঘটে।
জানাগেছে, সকালের দিকে ১০০ থেকে ১৫০ জনের এক দল কার্যালয়টির সামনে আসেন। এসময় তারা লাঠি, ইট-পাটকেল মারতে থাকেন। পরে কার্যালয়ের ভেতরে ঢুকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভবনের কাচের দেয়াল ও লিফটের চারপাশের অংশও ভাংচুর করেন। তবে প্রশাসকের কার্যালয়ের কাচের দরজা বন্ধ থাকায় সেটির ভেতরে প্রবেশ করতে পারেনি তারা। এ ঘটনার পরপরই ভবনে প্রবেশের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ছুটে যান। তারা এই মুহুর্তে কার্যালয়টির সামনে অবস্থান করছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দফর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী গণমাধ্যমকে জানান, তারা এক সপ্তাহ আগেই ভবনে হামলা হতে পারে এমন খবর পেয়েছিলেন। ঘটনার সময় তিনি আজ ভবনেই ছিলেন। হামলার বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, সকাল ৯টার দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী ভবনটির সামনে আসেন। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই ভবনে প্রবেশ করেন এবং হামলা শুরু করেন। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তিনি আরও বলেন, তারা এসময় ইট-পাটকেলও নিক্ষেপ করেন। এসময় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে বাইরে গেলে তারা সেখান থেকে সরে যান। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও তিনি জানান। এ ঘটনায় কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এমন ঘটনা জানি না। তবে খবর নিয়ে জানাতে পারব।