অভ্যন্তরিণ ও বিশ্ব কঠিন পরিস্থিতিও আমাদেরকে ভয়তালের রাজনীতির ধারা থেকে উঠে আসতে অনুপ্রানিত করতে পারছে না। আমরা রাজনীতির পুরনো ধারাই আকড়ে আছি। এবং ক্রমাগত নীচের দিকে যাচ্ছি। যা অতল। অথচ দেশের মানুষ অসংখ্য বার স্বপ্ন দেখেছে। এবং প্রতিবারই নির্ঝরের স্বপ্নভঙ্গ হয়েছে। স্বর্বশেষ, ফেসিস্ট হাসিনা সরকারের বিদায়ের পর ইউনূস সরকার কেন্দ্রিক মানুষের স্বপ্ন ছিলো আকাশচুম্বি। কিন্তু এই স্বপ্ন ধূলায় লুটোপুটি খেতে বেশি সময় লাগেনি। নজরুলের অমর সঙ্গীত, “গানগুলি মোর, আহত পাখীর সম/ লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম।“ শুধু তাই নয়, বলতে গেলে পুরো দেশটাকেই এক প্রকার দুঃস্বপ্নের সাগরে ছুড়ে দিয়েগেছেন সদাহাস্য ব্যক্তিটি।
একই সঙ্গে নানান তালবাহানা ও ছলা-কলার পর ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন দিতে বাধ্য হয় মবরাজ। এবং নানান দোলাচলের মধ্যদিয়ে শেষতক নির্বাচন অনুষ্ঠিতও হয়েছে। কিন্তু এর আগে অনেক জট পাকিয়েছেন ড. ইউনূস। যে জট থেকে দেশকে মুক্ত করা কতটা সম্ভব হয়েছে অথবা হবে- তা নিয়ে বোদ্ধাদের মধ্যে তীব্র সংশয় রয়েছে। এদিকে আমজনতা নানান দিকে অন্ধকার দেখছেন! অনেকের মনেই যেনো ফররুখ আহমেদের কবিতার পংতি, ‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?/এখনো তোমার আসমান ভরা মেঘে?’ যে কবিতার বাস্তবতা থেকে আমরা দ্বিতীয় দফায় স্বাধীনতার ৫৪ বছরেও উঠে আসতে পারলাম না! কবে পারবো? আবার কবিতা, সুনীলের; “নাদের আলি, আমি আর কত বড় হবো? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে । “
রাজনীতিতে সহনশীলতার আকালই আমাদেরকে ডুবাচ্ছে। আদিম যুগ থেকে শুরু করে রাজনীতির ধারায় সহনশীলতা কখনো বেড়েছে, কখনো কমেছে। কিন্তু আমাদের লাগাতরভাবে কমছে। পতনের ওয়ান ওয়ে। অবশ্য রাজনীতিতে সহনশীলতার গ্রহণযোগ্য মাত্রা কোনটি- এ প্রশ্নের উত্তর নিশ্চয়ই সহজ নয়। তবে এইটুকু সহজে বলাচলে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ধরনীর মতো স্বর্বংসহা- তাঁকে এভাবেই বিবেচনা করা হচ্ছে। সাধারণের কাছে এই প্রবণতা সমাদৃত এবং প্রশংসনীয়। কিন্তু কারোকারো মতে এই প্রণতা আসলে অন্ধের রাজ্যে আয়না বিক্রি করার মতো। কারণ পলাতক ফেসিস্ট দলবল-সাঙ্গাত নিয়ে তাবলিকে জীবন চিল্লায় যায়নি। অথবা সীমান্তের ওপারে নিশ্চয়ই অলসও বসে নেই। এই অবস্থায় শেখ হাসিনা ডিসেম্বরে আসলো কি আসলো না – তাতে কিছু যায় আসে না। এই প্রসঙ্গ নিয়ে মুর্খ অথবা জ্ঞাণগর্ভ বাহাজ চলতেই থাকলে তাতেও কিছু যায় আসে না। উদ্বেগের বিষয় হচ্ছে, রাজনীতির নামে দেশে সন্ত্রাস বৃদ্ধির প্রবল আশংকা প্রসঙ্গ। এর মধ্যে ‘এখানে খনিক ওখানে খনিক, তার নাম নাজিমউদ্দিন মানিক‘- সাংবাদিক নাজিমউদ্দিন মালিক প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবের এই বচনকে রাজনীতিতে শিল্পে পরিণত করেছে জামায়াত। এই জামায়াত যে কোন দিকে গোল দেবে, তা বলা কঠিন। কারোকারো মতে, জামায়াত আসলে আমাদের দেশের সুশীল শ্রেনীর মতো, গণতান্ত্রিক ধারা খুবই না-পছন্দ।
জামায়াতের খেলাধুলার বাইরেও চার পরাশক্তির আগ্রহের মাঝখানে পড়ে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা খুবই জটিল পর্যায়ে পৌছেছে বলে মনে করা হয়। ফলে রাজনীতির নামে আমাদের গন্তব্য কোথায়- কে জানে! যদিও আমাদের গন্তব্য হওয়া উচিত নির্বাচন। দেশ এবং রাজনীতি রক্ষা করতে হলে আমাদেরকে নির্বাচনমুখি হতেই হবে। এবং নির্বাচনই হতে হবে ক্ষমতার পালা বদলের একমাত্র মাধ্যম। অবশ্য এই নির্বাচন এরশাদীয় তরিকা অথবা হাসিনা মার্কা হলে চলবে না। আর ৯১ সালে মতো সম্ভব না হলেও নিদেন পক্ষে ২৬-এর মতো হলেও কোন রকম উৎরে যাবে হয়তো। এবং কোন অবস্থাতেই ৭৯ সালের নীচে নামলে বিপত্তি ঘটার আশংকা কিন্তু থেকেই যায়। এবং আগামী নির্বাচন হতে হবে তারেক সরকারের ৫ বছরের মেয়াদ পূর্তির পর। যে মেয়াদের এখনও চার বছরের কিছু সময় বাকী। এ ব্যাপারে আওয়ামী লীগের একগুয়েমি অথবা জামায়াতের অতি কুটকৌশল অনিবার্যভাবে বিপত্তি ডেকে আনতে পারে। আর আগামী জাতীয় নির্বাচনের নমুনা কিন্তু দেখা যাবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেই। এই নির্বাচন এলেবেলে কোন বিষয় নয়। বরং তারেক সরকারের জন্য ‘সীতার অগ্নি পরীক্ষা’র মতো। আর গণতান্ত্রিক ব্যবস্থা ও দেশের জন্য পুলসুরাতের সঙ্গে তুলনা করলে খুব বেশী বলা হবে বলে মনে হয় না!
লেখক, জ্যেষ্ঠ সাংবাদিক