দখিনের সময় :
তথ্য কমিশনের নির্দেশনা সত্ত্বেও আবেদনকারীর চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ না করায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) বিমলাংশু রায়কে ৫ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী অনুষ্ঠিত শুনানি শেষে এ জরিমানার সিদ্ধান্ত দেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শেখ আবু তাহের মো. আজরফ নামের এক ব্যক্তি ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিমলাংশু রায়ের কাছে ১৩টি বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেন। এসব তথ্যের মধ্যে ছিল কলেজের গভর্নিং বডির সভার কার্যবিবরণী, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি, নিয়োগ অনুমোদনের কার্যবিবরণী, নিয়োগ ও যোগদানপত্র, এমপিওসংক্রান্ত কাগজপত্র এবং বিভিন্ন মাসের বেতন-ভাতার সরকারি অংশের বিলের সত্যায়িত অনুলিপি।
নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পেয়ে আবেদনকারী ২০২৩ সালের ২৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন। সেখান থেকেও প্রতিকার না পেয়ে ২০২৪ সালের ৩০ জানুয়ারি তথ্য কমিশন বাংলাদেশে অভিযোগ দায়ের করেন তিনি।
পরবর্তী সময়ে ২০২৪ সালের ২২ এপ্রিল অভিযোগটির শুনানি শেষে তথ্য কমিশন আবেদনকারীকে চাহিদা অনুযায়ী সব তথ্য সরবরাহের নির্দেশ দেন। এ জন্য সিদ্ধান্তপত্র পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিতে বিমলাংশু রায়কে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে কমিশনের ওই নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় আবেদনকারী পুনরায় তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন।
বৃহস্পতিবার পুনরায় অভিযোগটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তথ্য সরবরাহে কমিশনের নির্দেশনা অমান্য করার দায়ে অধ্যক্ষ বিমলাংশু রায়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীর চাহিদা অনুযায়ী সব তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে কমিশন।
উল্লেখ্য, বৃহস্পতিবার তথ্য কমিশন বাংলাদেশে মোট ছয়টি অভিযোগের শুনানি গ্রহণ করে সেগুলোর নিষ্পত্তি করা হয়।