দখিনের সময় ডেস্ক:
প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী স্নাতক শেষ করলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীরা যে জ্ঞান ও দক্ষতা অর্জন করছেন, তা যেন দেশের মানুষের জীবনমান ও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারে, সেভাবে শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ঢাকা কলেজ শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে এ কলেজের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরই মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি ঢাকা কলেজে পড়াশোনা করেছেন। তখন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল। তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন অত্যন্ত কঠোরভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর করতেন। তবে সেই পরিস্থিতিতেও শিক্ষার্থীরা গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং সংগঠন করার চেষ্টা করেছেন। ঢাকা কলেজের বর্তমান শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কলেজের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ও হোস্টেলের ব্যবস্থা নেই। ভালো লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার ব্যবহারের পর্যাপ্ত সুযোগও নেই। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ শিক্ষাপ্রতিষ্ঠানের এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।
শিক্ষাব্যবস্থার সামগ্রিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দেশের গ্রাম ও বিভিন্ন এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ও অবকাঠামো ভালো হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই। অনেক জায়গায় শিক্ষার্থীর সংখ্যাও কম। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয় জীবনে কতটুকু ইতিবাচক অবদান রাখছে, সেটিও মূল্যায়ন করা দরকার। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রকৃত অর্থে কতটা কার্যকর ভূমিকা রাখছে, তা পর্যালোচনার সময় এসেছে। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থাকে খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশ্বে বড় ধরনের প্রযুক্তিগত বিপ্লব ঘটে গেছে। চতুর্থ শিল্পবিপ্লবের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের কাজ ও জ্ঞানচর্চার ধরন বদলে দিচ্ছে। নতুন প্রজন্ম এসব প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। তাই শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে এসব প্রযুক্তি কীভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, সে বিষয়েও ভাবতে হবে।