• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে নভেম্বরে

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২২, ১৪:৩৪ অপরাহ্ণ
ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে নভেম্বরে

দখিনের সময় ডেস্ক

পূর্বাভাস মিলতেই নড়েচড়ে বসল আবহাওয়া অধিদপ্তর। সিত্রাং এর রেশ না কাটতেই আবারও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সে ঘূর্ণিঝড় এখনই আসছে না, পূর্বাভাস অনুযায়ী এটি আসতে পারে নভেম্বরে। সেজন্য সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানানো হয়।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আরও একটা নতুন ঘূর্ণিঝড় আসবে। ওই সময়ে শৈত্যপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে। সবকিছু মিলিয়ে সকলকে সতর্ক থাকতে হবে। আগাম প্রস্তুতি নিতে হবে। আবহাওয়ার ত্রৈমাসিক পূর্বাভাসেও বলা হয়েছে, নভেম্বর মাসেও স্বাভাবিক বৃষ্টিপাত হবে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপের সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এসময়ে রাতের তাপমাত্রা কমতে থাকবে।

ঘূর্ণিঝড় সিত্রাং প্রসঙ্গে তিনি বলেন, স্থল ও জলসীমা মিলিয়ে বাংলাদেশে মোট ১৫ ঘণ্টা অবস্থান করে ঘূর্ণিঝড়টি। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ উপকূলীয় জেলাসহ দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় ২৫৫ মিলিমিটার। তবে বৃষ্টি হয়নি দিনাজপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।