দখিনের সময় ডেস্ক:
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগের পর চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী রেলওয়ের সংশ্লিষ্ট কার্যালয় থেকে জারি করা দপ্তরাদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বরখাস্ত হওয়া কর্মীরা হলেন মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দীন, মো. শফিকুল ইসলাম ও মো. শাহাদাত হোসেন। দপ্তরাদেশে বলা হয়েছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সংশ্লিষ্ট কমান্ড্যান্টের কাছে প্রতিদিন হাজিরা দিতে হবে। এদিকে সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রাকসুর ভিপি। তাঁর দাবি, আগেও আন্দোলনের পর রেল কর্তৃপক্ষ বিভিন্ন সিদ্ধান্ত নিলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। এবারও আন্দোলন থামাতে তড়িঘড়ি করে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতিসহ দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাকসু ও হল সংসদের নেতাদের স্টেশনে অবস্থানের আহ্বান জানান।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গেলে আইয়ুব আলীকে মারধরের অভিযোগ ওঠে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রথমে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি নিয়ে স্টেশনে গিয়ে অবস্থান ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরই চার রেলকর্মীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানায় রেল কর্তৃপক্ষ।