1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

চা শ্রমিকদের উন্নয়নে সরকারের নতুন উদ্যোগ

dokhinersomoy
September 23, 2026 12:26 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
চা শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার পাশাপাশি বাগানগুলোকে লাভজনক ও টেকসই করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেটের লাক্কাতুরা চা বাগান মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবির বিষয়ে মন্ত্রী বলেন, শুধু মজুরির পরিমাণ নয়, শ্রমিক যেন স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সে অনুযায়ী মজুরি নির্ধারণ গুরুত্বপূর্ণ। তিনি জানান, দেশের অনেক চা বাগান দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছে এবং কোথাও কোথাও শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করাও কঠিন হয়েছে। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি বাগানের উৎপাদন ও আয় বাড়িয়ে শিল্পটিকে টেকসই করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যেসব বাগানে বিদ্যুৎ অবকাঠামো রয়েছে, সেখানে চা গাছের ক্ষতি না করে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে অতিরিক্ত আয় তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মসলা জাতীয় গাছ, টিম্বারসহ অন্যান্য উপযোগী সম্পদ ব্যবহারের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী চা বাগানে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় স্থাপন, রাস্তাঘাট উন্নয়ন এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। শ্রমিক পরিবারের নতুন প্রজন্ম যাতে উচ্চশিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় যেতে পারে, সে সুযোগ তৈরির কথাও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, বাগানের আয় ও উৎপাদন বাড়ানো, ব্যবস্থাপনার উন্নয়ন এবং শ্রমিকদের জীবনমানের উন্নয়ন—এই বিষয়গুলোকে একসঙ্গে এগিয়ে নেওয়ার মাধ্যমে চা শিল্পকে আরও টেকসই করার চেষ্টা চলছে। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।