1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

তথ্য মুছেও রক্ষা পাননি জ্যোতিকা জ্যোতি, নজরদারিতে আলো আসবে গ্রুপের শতাধিক সদস্য

dokhinersomoy
November 20, 2026 4:31 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট:
ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির। গ্রেফতারের পর তার ব্যবহৃত মুঠোফোন ও গুগল ড্রাইভের তথ্য বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। এর মধ্যে ‘২৪-এর বেঈমান’ নামে একটি ফাইলও রয়েছে। ওই ফাইলে জুলাই আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তারকার দেওয়া পোস্ট, ছবি ও ভিডিও সংরক্ষিত ছিল বলে জানা গেছে। এদিকে, আলো আসবে গ্রুপের প্রায় শতাধিক সদস্যকে নজরদারিতে রাখা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ১৮ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করে। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, গ্রেফতারের আগে জ্যোতি তার ব্যবহৃত মুঠোফোন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপের তথ্য সরিয়ে ফেলেছিলেন। তবে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে মুছে ফেলা কিছু তথ্য পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বিশেষ করে গুগল ড্রাইভে সংরক্ষিত ‘২৪-এর বেঈমান’ শিরোনামের ফাইলটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সেখানে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া বিভিন্ন তারকার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ছবি ও ভিডিও ফুটেজ সংরক্ষিত ছিল বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে এসব তথ্যের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, কারা এগুলো সংগ্রহ করেছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এগুলোর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে উঠে আসবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি। এ ছাড়া একটি ভিডিওতে তিনি নিজেই শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছিলেন। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে রয়েছেন তিনি। এদিকে, ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম জ্যোতিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

যে মামলায় গ্রেফতার

জ্যোতি

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। এ মামলায় জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।
মামলায় জ্যোতিকা জ্যোতি ছাড়াও অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া এবং অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।