দখিনের সময় রিপোর্ট:
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এ তথ্য জানান। স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, বার কাউন্সিলের মতো প্রেস কাউন্সিলও সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা পাবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও দেওয়া হতে পারে প্রতিষ্ঠানটিকে।
তথ্যমন্ত্রী জানান, মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। এর আওতায় মিথ্যা, হয়রানিমূলক প্রতিবেদন এবং সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে। এ ছাড়া সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন করে কিংবা জনস্বার্থ ক্ষুণ্ন করে সংবাদ প্রকাশ বা মুদ্রণ করা হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে নিজ উদ্যোগে তদন্ত শুরু এবং প্রয়োজনীয় আদেশ দেওয়ার ক্ষমতা পাবে প্রেস কাউন্সিল। গুজব, ভুয়া খবর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও এ ক্ষমতা প্রয়োগের প্রস্তাব রয়েছে।