দখিনের সময় রিপোর্ট:
দীর্ঘদিন ধরে মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। দুই মাস নজরদারির পর অবশেষে সম্প্রতি বিশেষ অভিযান চালিয়ে অবৈধ শিশা আমদানিকারক প্রতিষ্ঠানের মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সেই সঙ্গে অভিযানে মোট ৩০ কেজি অবৈধ শিশা জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সংস্থাটির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় গোয়েন্দা নজরদারি ও কৌশলগত তৎপরতায় এই অবৈধ ব্যবসার সন্ধান পায়। এরপর দীর্ঘ দুই মাস ধরে নজরদারি করে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি টিম সংশ্লিষ্ট শিশা আমদানিকারক প্রতিষ্ঠানকে শনাক্ত করে তাদের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে। পরবর্তীতে ডিএনসির গোয়েন্দা টিমের সদস্যরা ক্রেতা সেজে তাদের কাছে প্রথমে ৫ কেজি শিশার অর্ডার দেয়ার পর এই আমদানির সব কার্যক্রম মনিটরিং করা হয়। একপর্যায়ে সেই ৫ কেজি শিশা সংগ্রহের নামে বিশেষ অভিযান চালিয়ে মোট ৩০ কেজি অবৈধ শিশা উদ্ধার করা হয়। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত একটি প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গত বুধবার (১১ নভেম্বর) রাতে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডে অবস্থিত একটি ভবনে এই অভিযান চালায়। ওই অভিযানে ভবনটিতে থাকা ‘আস-সুন্নাহ’ নামের একটি প্রতিষ্ঠান থেকে মো. সোলায়মান আহমেদ শুভ (৩১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যে, প্রতিষ্ঠানটির ভেতরে তল্লাশি চালিয়ে ৩টি কার্টনে থাকা ‘আল-ফাকহির’ ব্র্যান্ডের সর্বমোট ৩০ কেজি শিশা জব্দ করা হয়।
একপর্যায়ে ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানায়, উত্তরা পূর্ব থানাধীন সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদের মাধ্যমে তিনি এই শিশা সংগ্রহ করেছেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উত্তরা এলাকার ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে মালিক মো. শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ওই সময় শিশা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্রও জব্দ করা হয়।
পরবর্তীতে শাকিল আহমেদের দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরার সেক্টর-১১ এলাকায় ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক মো. মেহেদী হাসানকে (৪৬) গ্রেপ্তার করা হয়। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিএনসি জানতে পারে, তিনি তার এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশাগুলো বাংলাদেশে আমদানি করে সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের কাছে সরবরাহ করতেন। আর শাকিলের মাধ্যমে পরবর্তীতে এসব শিশা সোলায়মানের কাছে পৌঁছাত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনা করে সালমান নিবিড় (২৬) নামে আরও একজনের সঙ্গে শিশা ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমান নিবিড়সহ তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে অবৈধ শিশার ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এই চক্রে আরও কয়েকজন ব্যক্তি জড়িত। এরপর থেকে অভিযুক্ত সালমান নিবিড়কেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডিএনসি জানিয়েছে, উদ্ধারকৃত শিশার উৎস ও আমদানি প্রক্রিয়া সম্পর্কে অধিকতর অনুসন্ধান চলছে। বিশেষ করে মসলার আড়ালে কীভাবে এসব পণ্য হংকং থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এবং আমদানির সময় কাস্টমসের শুল্ক-ভ্যাট পরিশোধের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে— তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে বৈধ আমদানির কাগজপত্র ও শুল্ক-ভ্যাট পরিশোধের আড়ালে অবৈধ মাদকদ্রব্য আমদানি করা হয়েছে কি না— সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার মো. সোলায়মান আহমেদ শুভ, মো. শাকিল আহমেদ ও মো. মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রাজধানীর বংশাল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্তৃক তদন্তাধীন। সেই সঙ্গে চক্রের পলাতক সদস্য ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও চলমান রয়েছে। মাদকের অবৈধ সরবরাহ ও বিপণন বন্ধে ভবিষ্যতেও গোয়েন্দা নজরদারি, সাইবার পেট্রোলিং এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।