দখিনের সময় ডেস্ক:
পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ইস্কান্দর আলি মির্জা নির্বাচিত হন ১৯৫৬ সালে, যে বছর পাকিস্তানের প্রথম সংবিধান জারি করা হয়। এর আগে ১৯৪৭ সালে তৎকালীন ব্রিটিশ ভারত ভাগ হলেও পাকিস্তানের নিজস্ব সংবিধান ছিল না এবং পাকিস্তান শাসিত হতো ব্রিটিশ সংবিধানের অধীনে গঠিত অস্থায়ী সাংবিধানিক কাঠামোতে।
ইস্কান্দর মির্জা ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানের অধীনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুই বছরের কিছু বেশি সময় ঐ পদ ধরে রাখতে পেরেছিলেন। ঐ দুই বছরের মধ্যে তার বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম সংঘটন ও অসাংবিধানিক কার্যক্রমের অভিযোগ ওঠে।
১৯৫৮ সালের অক্টোবরে তৎকালীন সেনা কর্মকর্তা জেনারেল আইয়ুব খানের মাধ্যমে দেশে মার্শাল ল বা সেনাশাসন জারি করেন ইস্কান্দর মির্জা। সেই আইয়ুব খানের নেতৃত্বেই তিন সপ্তাহের মধ্যে ইস্কান্দর মির্জা ক্ষমতাচ্যুত হন এবং যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। নির্বাসনে থাকাকালীন ইস্কান্দর মির্জার বিভিন্ন লেখা ও চিঠির সংকলন ‘অনার-বাউন্ড টু পাকিস্তান ইন ডিউটি, ডেসটিনি অ্যান্ড ডেথ’ বইয়ে উঠে এসেছে যে নির্বাসনে থাকার সময় ১৯৫৮ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ইস্কান্দর মির্জার কন্যারা একাধিকবার পাকিস্তান সরকারের কাছে আবেদন করেন তাদের বাবাকে পাকিস্তানে ফেরার অনুমতি দিতে। সেই অনুমতি কখনোই পায়নি তার পরিবার।
ইস্কান্দর মির্জার নাতনির জামাই সৈয়দ খাওয়ার মেহেদির সংকলিত ঐ বইয়ে উঠে আসে যে ইস্কান্দর মির্জা ১৯৬৯ সালে ৭০ বছর বয়সে মারা যাওয়ার পর তার পরিবার আবেদন করে যেন তার দেহাবশেষ পাকিস্তানে সমাধিস্থ করার অনুমতি দেয়া হয়। সেই অনুরোধও প্রত্যাখ্যান করে তৎকালীন পাকিস্তান সরকার।
পরে ইরানের শীর্ষ নেতা আহমদ শাহ পাহলভি তার ব্যক্তিগত বিমান পাঠিয়ে লন্ডন থেকে ইস্কান্দর মির্জার মরদেহ ইরানে নিয়ে যান এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। ইস্কান্দর মির্জার শেষকৃত্যে অংশ নিতে তার পরিবারের সদস্যদের ইরানে যাওয়ার জন্যও অনুমতি দেয়নি তৎকালীন পাকিস্তান সরকার।