দখিনের সময় ডেস্ক:
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হলেও শুধু এ কারণে মামলার বিচারিক কার্যক্রম স্থগিত বা বাতিল হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এই সময়সীমা বাধ্যতামূলক নয়, বরং নির্দেশনামূলক। ফলে ১৮০ দিন পার হলেও মামলার বিচার চালিয়ে যেতে আইনি বাধা তৈরি হয় না।
মো. সাইফুল ইসলাম ওরফে পাভেল বনাম রাষ্ট্র মামলায় ২০২৩ সালের ৭ জুন এ রায় দেন বিচারপতি কে. এম. কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। ইডেন কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ না হওয়াকে কেন্দ্র করে পাভেল হাইকোর্টে রিট করেছিলেন। তাঁর দাবি ছিল, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২০ ধারায় নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হওয়ায় মামলার কার্যক্রম আর চলতে পারে না। মামলার নথি ২০০৮ সালের ১৩ জুলাই ট্রাইব্যুনালে পৌঁছানোর পরও ২০১১ সাল পর্যন্ত বিচার শেষ না হওয়ায় তিনি এ যুক্তি তুলে ধরেন। একই সঙ্গে নির্ধারিত সময়ে বিচার শেষ না হওয়ার কারণ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদন দেওয়ার বিধানও যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে দাবি করেন তিনি। রিটের পর হাইকোর্ট মামলার বিচারিক কার্যক্রম প্রথমে তিন মাসের জন্য স্থগিত করেন, যা পরে সময় সময় বাড়ানো হয়। তবে মূল রায়ে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০ ও ৩১ক ধারার পাশাপাশি ৩০এ ধারার বিধান পর্যালোচনা করে বলেন, ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হলে মামলার কার্যক্রম স্থগিত বা বাতিল করার কোনো বিধান আইনে নেই। বরং নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল, পাবলিক প্রসিকিউটর ও পুলিশ কর্মকর্তার প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ২৭ জানুয়ারি শ্যামপুর থানায় পাভেলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা। পরে তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হলে মামলাটি ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যায় এবং পাভেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। নিজেকে নির্দোষ দাবি করে তিনি অভিযোগ অস্বীকার করেন। হাইকোর্টের রায়ে বলা হয়, ১৮০ দিনের সময়সীমা অতিক্রম করলেই বিচারিক কার্যক্রম অকার্যকর হয়ে যাবে—এমন কোনো আইনগত পরিণতি ২০ বা ৩১ক ধারায় নির্ধারিত নেই। তাই সময়সীমাটি বিচার দ্রুত শেষ করার জন্য নির্দেশনামূলক হলেও তা অতিক্রমের কারণে মামলার বিচার বন্ধ করা যাবে না। আদালত আরও উল্লেখ করেন, পাভেল পরবর্তী সময়ে ট্রাইব্যুনালের দেওয়া কিছু আদেশের প্রত্যয়িত অনুলিপি উপস্থাপন না করেই রিট করেছিলেন এবং মামলার নথিতে বিচার এগিয়ে নেওয়ার বিভিন্ন প্রক্রিয়াগত পদক্ষেপের তথ্য ছিল। এসব বিবেচনায় হাইকোর্ট রিটের ভিত্তিতে জারি করা রুল খারিজ করে দেন এবং আগে দেওয়া বিচার স্থগিতের আদেশ প্রত্যাহার ও বাতিল করেন।