দখিনের সময় ডেক্স:
বরিশালে দিনমজুর এক নারীর দেড় মাস বয়সী শিশুকন্যাকে চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রির অভিযোগে স্কুলশিক্ষিকাসহ তিন নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ঘটনায় শিশুটির মা বৃষ্টি বেগম বাদী হয়ে মানবপাচার আইনে মামলা করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়া তিন নারী হলেন- নগরীর রূপাতলী মওলানা ভাসানী সড়কের বাসিন্দা নাসিমা বেগম ওরফে নাসিমা কবিরাজ, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকার মৌরি আক্তার এবং তার বড় বোন ফাহমিদা। মৌরি বরিশালের সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু চুরির ঘটনায় করা মানবপাচার মামলায় তিনজনকেই আসামি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, বৃষ্টি বেগম প্রতিবেশী নাসিমার কাছ থেকে ঝাড়ফুঁক, তদবির ও তাবিজ-কবজ নিতেন। শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় ২২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরে পুলিশ তদন্ত শুরু করে। শিশুটির মায়ের সন্দেহের ভিত্তিতে গত রোববার রাতে নাসিমাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার স্বীকারোক্তিতে শিশু চুরির ঘটনা বেরিয়ে আসে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, নাসিমা কবিরাজ শিশুটিকে ৩৫ হাজার টাকায় মৌরি নামের এক স্কুল শিক্ষিকার কাছে বিক্রি করেন। পরে মৌরি শিশুটিকে তার সন্তানহারা বড় বোন ফাহমিদার কাছে চট্টগ্রামে পাঠিয়ে দেন।
পুলিশের তৎপরতায় পরে ফাহমিদা শিশুটিকে নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হাজির হন। সেখান থেকে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। নিখোঁজের ১৪ দিন পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দিনমজুর বৃষ্টি বেগম।