দখিনের সময় ডেক্স:
বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদানের মধ্য দিয়ে বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে বরিশাল মহানগর ও জেলা যুবদল।
এ উপলক্ষে নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে মহানগর যুবদল। সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র্যালির আয়োজন করে জেলা যুবদল। পাশাপাশি নগরের সদর রোডে সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিনুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি এইচ এম তসলিম উদ্দিন এবং মহানগর যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুন। এ ছাড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনকে আরও সুশৃঙ্খল, শক্তিশালী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের কল্যাণে নিজেদের সম্পৃক্ত করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।